ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি-সংগৃহীত
ময়মনসিংহের সদর উপজেলায় দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬ টার দিকে ময়মনসিংহ ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও অজ্ঞাতনামা ৫০ বছর বয়সি পুরুষ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ইমাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে যেতেই বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন মারা যায়। আহত হয় আরো অন্তত ১০ জন। পরে স্থানীয়রা টের পেয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জল হোসেন ও অজ্ঞাতনামা আরো একজন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন বলেন, আলালপুর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষর ঘটনাস্খলে আব্দুর রাজ্জাক নামে একজন মারা গেছে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে বিনাময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

