Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় আগুনে ছয় দোকান পুড়ে ছাই

Icon

কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

কলমাকান্দায় আগুনে ছয় দোকান পুড়ে ছাই

ছবি-সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বাজারে আগুনে ছয়টি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের অন্য দোকানগুলো রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ছয়টি দোকানই টিনশেডের। দোকানগুলোতে কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের মধ্যে পাঁচগাঁও গ্রামের মো. কামাল হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় কলমাকান্দা ফায়ার স্টেশন। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার স্টেশন থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরের বাজারটিতে দুর্গম পথ পেরিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। ১২ সদস্যের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর সাড়ে ৫টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দোকানগুলোতে কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। দুটি ইউনিটের সদস্যরা কাজ করে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন