Logo
Logo
×

সারাদেশ

মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, প্রতিটি শিশুর অধিকার : ববি হাজ্জাজ

Icon

খুলনা সংবাদদাতা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, প্রতিটি শিশুর অধিকার : ববি হাজ্জাজ

ছবি-সংগৃহীত

মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়; বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর এটি অধিকার। পুষ্টিকর খাবার নিশ্চিত করার মাধ্যমে শিশুদের সুস্থতা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শেখার সক্ষমতা বাড়ানোই স্কুল ফিডিং কর্মসূচির মূল লক্ষ্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার নিম্নমানের, পচা বা অনুপযুক্ত মনে হলে তা গ্রহণ না করে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলনার একটি হোটেলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, কোনো খাবার নিম্নমানের, পচা বা অনুপযুক্ত মনে হলে তা গ্রহণ করা যাবে না। খাবার ফেরত দেওয়ার পাশাপাশি বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে। সরবরাহ ব্যবস্থায় অনিয়ম বা নিম্নমানের খাবারের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির তদারকিতে মাদারস কমিটিকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা হচ্ছে। বিদ্যালয় পর্যায়ে খাবারের মান, পরিমাণ ও সরবরাহ ব্যবস্থার ওপর অভিভাবকদের নজরদারি বাড়ানো হবে।

তাঁর মতে, এতে অনিয়ম কমার পাশাপাশি স্কুল ফিডিং কর্মসূচির প্রতি অভিভাবক ও সাধারণ মানুষের আস্থাও বাড়বে।

প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না’ এবং ‘প্রতিটি শিশু সঠিক শিক্ষায় শিক্ষিত হবে’—এই দুটি লক্ষ্য বাস্তবায়নে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুষ্টিকর খাবার শিশুদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করে।

তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষায় বিনিয়োগের লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়; প্রতিটি শিশুকে বিদ্যালয়ে আনা, তার পুষ্টি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা দেওয়ার মাধ্যমে দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মতিয়ার রহমান, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন এবং খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা বিভাগের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন