Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দেয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ (৯) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ও জুনাইদ (৯) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে। ইউসুফ ও জুনাইদ স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহতের বাবা-মা শ্রীপুরের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করে।

নিহতের স্বজন, প্রতিবেশীরা জানান, ইউসুফ ও জুনাইদ পাশাপাশি বাড়িতে বসবাস ও একই স্কুলে পড়া কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অন্যান্য দিনের মতো ইউসুফ ও জুনাইদ স্কুলে পাঠিয়ে দিয়ে তারা কারখানায় কাজে যান। তারা দু’জন স্কুলে থেকে বাসায় ফিরে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ করতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ইউসুফের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে ইউসুফ ও জুনাইদের মরদেহ পানি থেকে উদ্ধার করে এনে পরিবারকে বুঝিয়ে দেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম বলেন, দুই শিশু নিখোঁজের খবরে স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত শুনে পুকুরে অভিযানে নামে। কিছু সময় পর দুই শিশুর মরদেহ পানি থেকে তুলে এনে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন