Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের’ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

Icon

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের’ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

সিলেটে ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’-এর সিলেট জেলা শাখার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর প্যারালাক্স পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডা. জহিরুল ইসলামের উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, সংগঠনটির পক্ষ থেকে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তুলতে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, সচেতন পথচলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তাই সবাইকে একসঙ্গে কাজ করে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ে তুলতে হবে।

এ সময় স্ক্রিনে প্রদর্শিত এক প্রেজেন্টেশনের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌপথের গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান অতিথি বলেন, যোগাযোগ ব্যবস্থার এই চারটি মাধ্যমই সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে সিলেট-ঢাকা মহাসড়কের বর্তমান পরিস্থিতি এবং এই গুরুত্বপূর্ণ সড়কপথের উন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন