বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: সভাপতি আমিনুর রহমান মোহন আখন্দ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে একাত্তর টিভির এস এম আবু সাঈদ ১৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম ১৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সঞ্জু রায় ১৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির ববিন রহমান, নাগরিক টিভির আব্দুর রহিম মন্ডল, গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন ও এটিএন বাংলার হুমায়রা আকতার জাহান।
শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ।

