বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
বকেয়া দুই মাসের বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক।
শ্রমিকরা কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, নির্ধারিত সময় পার হয়ে গেলেও তাদের বেতন পরিশোধ করা হয়নি। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তারা।
শ্রমিকদের দাবি, দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বেতন পরিশোধসহ দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
তবে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

