Logo
Logo
×

সারাদেশ

উখিয়ায় সাগর পাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

উখিয়ায় সাগর পাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে একদিনে অজ্ঞাতনামা তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পৌনে ৩টার মধ্যে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান তিন জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়। এরপর বিকাল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকার সাগরপাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত সোমবার রাত ২টার দিকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল-কচ্ছপিয়া নৌঘাট এলাকার সমুদ্র উপকূলে ডুবে যায়। পরদিন ভোরে একজন রোহিঙ্গা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে বাংলাদেশের কোস্টগার্ড। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা। তবে ওই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছিল।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছে কি না, তা যাচাই করা হচ্ছে।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন