Logo
Logo
×

সারাদেশ

আক্কেলপুরে ফিরতি পথেও যাত্রাবিরতি পাবে চিলাহাটি এক্সপ্রেস

Icon

জয়পুরহাট সংবাদদাতা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

আক্কেলপুরে ফিরতি পথেও যাত্রাবিরতি পাবে চিলাহাটি এক্সপ্রেস

ছবি-সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ঢাকা থেকে ফেরার পথেও আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি পেতে যাচ্ছে আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’। আগামী ৫ অক্টোবর থেকে ট্রেনটির আপ ও ডাউন—উভয় পথেই আক্কেলপুরে নিয়মিত যাত্রাবিরতি কার্যকর হবে। এতে ঢাকা থেকে ফেরার পথে স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় দপ্তর থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের নীতিগত নির্দেশনার আলোকে ৮০৫ নম্বর চিলাহাটি এক্সপ্রেসের আক্কেলপুর স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর (সোমবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে আক্কেলপুর স্টেশনের জন্য আসন বরাদ্দ ও টিকিট বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস রাত ১০টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে পৌঁছাবে। দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাবে। তবে জামালগঞ্জ থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেনটির বিদ্যমান সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, ‘চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদনের চিঠি আজ পেয়েছি। এখন থেকে ট্রেনটি আপ-ডাউন উভয় পথেই আক্কেলপুরে যাত্রাবিরতি করবে।’

আক্কেলপুর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের উভয় দিকের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। গত বছরের ১ ডিসেম্বর থেকে ট্রেনটি একদিকে যাত্রাবিরতি দিলেও ঢাকা থেকে ফেরার পথে আক্কেলপুরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। রাতে ট্রেন থেকে সান্তাহার কিংবা জয়পুরহাট স্টেশনে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে সড়কপথে আক্কেলপুরে ফিরতে হতো যাত্রীদের। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকতে হতো অনেককে। ফিরতি পথেও যাত্রাবিরতি চালু হওয়ায় এখন ঢাকা থেকে সরাসরি আক্কেলপুরে নামতে পারবেন যাত্রীরা। এতে তাদের সময়, অর্থ ও ভোগান্তি—তিনটিই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন