Logo
Logo
×

সারাদেশ

গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

গির্জা থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চটি রাজধানীর ৯২, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে আনুমানিক ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চুরি যাওয়া ঘণ্টা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিমের সমন্বয়ে অভিযান শুরু করা হয়।

ওসি বলেন, পুলিশের অভিযানের মুখে চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে শুক্রবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়।

তিনি জানান, চুরির আগে ওইদিন রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আব্দুল হালিম বলেন, উদ্ধার করা পিতলের ঘণ্টাটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন