Logo
Logo
×

সারাদেশ

বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

Icon

দোহার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

ছবি-সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাঁর নির্দেশে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।

প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং মা-বাবা হারানো পাঁচ কন্যার সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করছে। গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তারা পরিবারের কাছে এসেছেন। এমন অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এর প্রায় এক মাস পর নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মৃত্যুর পর পাঁচ কন্যা অভিভাবকহীন হয়ে পড়ে। গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ‘আমরা বিএনপি পরিবার’।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন