Logo
Logo
×

সারাদেশ

মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

Icon

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

মাদারগঞ্জে ভিজিএফের চাল বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

ছবি-সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে জেলেদের মধ্যে বিতরণ করা ভিজিএফের চাল অবৈধভাবে কেনাবেচা ও মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫০ কেজি চাল জব্দ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। অভিযানে মাদারগঞ্জ মডেল থানার এসআই সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেদের সহায়তায় চরপাকেরদহ ইউনিয়নের ১৮০ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, চাল বিতরণের পর স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ইউনিয়ন পরিষদের সামনে থেকে কয়েকজন জেলের কাছ থেকে ওই চাল কিনে নেন। পরে তা বালিজুড়ী বাজারের খাদ্য ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকানে বিক্রি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন শহিদুল ইসলামের দোকানের সামনে একটি অটোরিকশায় ২৫০ কেজি ভিজিএফের চাল দেখতে পায়। পরে চালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইনে শহিদুল ইসলামের ছেলে মাফিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

জব্দ করা চাল পরে কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

 ইউএনও সুমন চৌধুরী বলেন, সরকারি চাল কেনা-বেচা দুটিই অপরাধ। অবৈধভাবে ভিজিএফের চাল কেনাবেচা ও মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন