অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ ঘটনায় গ্রেপ্তার ৫
মুন্সিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি-সংগৃহীত
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক দুই ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।
বুধবার গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে সহযোগিতা এবং মামলার তদন্তের অংশ হিসেবে তাদের
গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- অগ্রণী ব্যাংক
শ্রীনগর শাখার সাময়িক বরখাস্ত হওয়া অফিসার (ক্যাশ) মো. জিন্নাহ হোসেন, সাবেক ম্যানেজার
ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সাবেক ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মো.
শরীফ উদ্দীন, সিকিউরিটি গার্ড রঞ্জু আহম্মেদ এবং সাময়িক বরখাস্তকৃত সিকিউরিটি গার্ড
আব্দুল হাই।
এর আগে একই ঘটনায় গ্রাহকদের অর্থ আত্মসাতের
মূল অভিযোগে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা মো. শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২২ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে থাকার
পর ৩০ সেপ্টেম্বর ঢাকার মিরপুরের মধ্য পাইকপাড়ায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার
করা হয়। তার কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মোবাইল ফোন, একটি চেকবই,
দুটি এটিএম কার্ড ও একটি লকারের চাবি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।
অভিযোগ রয়েছে, শ্রীনগর শাখায় কর্মরত
থাকা অবস্থায় শরীফুজ্জামান সোহাগের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের হিসাবে টাকা জমা দেওয়ার
রসিদ দেওয়া হলেও তা হিসাবে জমা হয়নি। আবার অনেক গ্রাহকের অজ্ঞাতসারে তাদের হিসাব থেকে
বড় অঙ্কের টাকা উত্তোলন করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ২৭ সেপ্টেম্বর
থেকে ব্যাংক শাখাটিতে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় বাড়তে থাকে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে
জানানো হয় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩০০ জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন, তাদের দাবির পরিমাণ
২৫ কোটি টাকারও বেশি।
এদিকে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে
অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান
শুরু করেছে। মূল অভিযুক্ত শরীফুজ্জামানকে দুদকের অনুসন্ধানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে
বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
সর্বশেষ বুধবার শ্রীনগর থানা পুলিশের
সহযোগিতায় গ্রাহকদের অভিযোগ এবং আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে
পাচজনকে গ্রেপ্তার করা হলো। এতে গ্রেপ্তারের সংখ্যা ছয়জনে দাড়াল।
দূনীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের
সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী বলেন, শ্রীনগর থানা পুলিশের মাধ্যমে পাঁচজন সংশ্লিষ্ট
ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে থানা
হাজতে আছে।
শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

