Logo
Logo
×

সারাদেশ

গাড়ির সিরিয়াল নিয়ে বিরোধ, অটোচালককে কুপিয়ে হত্যা

Icon

সিলেট সংবাদদাতা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

গাড়ির সিরিয়াল নিয়ে বিরোধ, অটোচালককে কুপিয়ে হত্যা

ছবি-সংগৃহীত

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরে শাহাব উদ্দিন (৩০) নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়েছে পুলিশ।

নিহত শাহাব উদ্দিন সুনারতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন শাহাব উদ্দিন। পথে সুনারতনপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সামতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে সুরইঘাট বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে শাহাব উদ্দিন ও তাঁর ভাই এনাম উদ্দিনের সঙ্গে শাহরিয়ার নামের এক ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারিতে এনাম উদ্দিন আহত হন। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসার জন্য সালিশের উদ্যোগ নেন।

প্রাথমিকভাবে ওই বিরোধের জেরেই শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে রাখেন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানায় নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন