Logo
Logo
×

সারাদেশ

খুলনায় একই দিনে দুই হত্যাকাণ্ড, সন্ধ্যায় গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা

Icon

খুলনা সংবাদদাতা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

খুলনায় একই দিনে দুই হত্যাকাণ্ড, সন্ধ্যায় গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

খুলনা মহানগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হওয়ার পর সন্ধ্যায় খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরপর এসব হত্যাকাণ্ডে নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন জিন্নাহপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খুশি ওই এলাকার সুমন সরদার ওরফে ‘ব্লেড বাবু’র স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা খুশিকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাঁকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে খুশিকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একই দিনে আরেক যুবক নিহত

এদিকে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন এলাকায় মো. তুষার (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। তিনি লবণচরা থানাধীন জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের আর-১৫ মডেলের মোটরসাইকেল পাওয়া যায়।

পুলিশ ওই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে। তবে ভোরের যুবক হত্যাকাণ্ডের সঙ্গে সন্ধ্যায় গৃহবধূ হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই দিনে মহানগরীর পৃথক দুটি এলাকায় গুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন