সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে রেল সচিবের ভ্রমণ, উঠেছে প্রশ্ন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
ছবি-সংগৃহীত
সরকারি সফরের সূচি তৈরি করে স্ত্রীকে সঙ্গে নিয়ে পাবনা ও কুষ্টিয়ায় রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে গেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সরকারি সফরে স্ত্রীকে সঙ্গে নেওয়া এবং এ সফরে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারের বিষয়টি নিয়ে রেলওয়ের কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে পাবনার পাকশী ও ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা পরিদর্শনকালে সচিবের সঙ্গে তাঁর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ডা. তাহমিনা হোসেনকে দেখা যায়।
রেলপথ মন্ত্রণালয়ের জারি করা সূচি অনুযায়ী, ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাবনা ও কুষ্টিয়া সফর করবেন সচিব। গত ১৭ অক্টোবর তাঁর একান্ত সচিব ও উপসচিব মো. শামীমুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সফরকে সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়। সফর উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেলওয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়কপথে পাকশী রেলওয়ে স্টেশনে পৌঁছান সচিব। পরে রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকালে বিভিন্ন স্থাপনা এবং হার্ডিঞ্জ ব্রিজ পরিদর্শন করেন। এ সময় পাকশী বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে সফরসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম, সচিবের একান্ত সচিব শামীমুর রহমান এবং মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীকে পরিদর্শনে দেখা যায়নি।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বলেন, সচিব নিজেই নিজের মতো করে সবকিছু ঘুরে দেখতে চেয়েছেন। এ কারণে তাঁরা সফরে যোগ দেননি।
সরকারি সফরে স্ত্রীকে সঙ্গে নেওয়ার বিষয়ে রেলওয়ের একাধিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের অভিযোগ, সরকারি সফরের নামে ব্যক্তিগত বা পারিবারিক ভ্রমণে সরকারি পদমর্যাদা ও সম্পদ ব্যবহার করা হলে তা অনিয়মের শামিল হতে পারে।
অভিযোগের বিষয়ে সচিব ফাহিমুল ইসলাম বলেন, সরকারি সফরের অংশ হিসেবেই তিনি রেলওয়ের স্থাপনা পরিদর্শনে এসেছেন। সরকারি সফরে সপরিবারে যাওয়ার সুযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে পরিদর্শনকালে সাংবাদিকদের সচিব জানান, আগামী নভেম্বরের শেষ দিকে ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনটির ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন সচিব। শনিবার সকালে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

