Logo
Logo
×

সারাদেশ

রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন শনিবার

Icon

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন শনিবার

প্রতীকী ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। প্রতিষ্ঠার ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ইউনিটের নেতৃত্ব নির্বাচন করবেন আজীবন সদস্যরা। এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর এবারই প্রথম ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মোট ভোটার ৯৯৭ জন। ভোটারদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে ভোটদানের চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পত্রিকায় নির্বাচনী বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ছয়টি পদে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে একজন সেক্রেটারি এবং পাঁচজন কার্যনির্বাহী সদস্য। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান।

অন্যদিকে, পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। তাঁরা হলেন নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খান খোরশেদ, এনসিপি নেতা নিরব রায়হান, নাজমুল হক (নির্দলীয়) ও হারুনুর রশীদ খান।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন পরিচালনা, আচরণবিধি ও ভোটগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রার্থীরা ঐকমত্যে পৌঁছান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংগঠন। তাই নির্বাচনটি স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব।’

তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য এবং রেড ক্রিসেন্টের শতাধিক যুব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিক নেতৃবৃন্দ, এনডিএ চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভোটের মাধ্যমে কমিটি হচ্ছে। আমরা ভোটের পক্ষে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন। আমরা একটি ইতিহাসের দ্বারপ্রান্তে আছি। আশা করি, সুষ্ঠু ও সুন্দর ভোট সম্পন্ন করে প্রার্থী ও ভোটাররা ইতিহাস রচনার অংশ হবেন।’

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন