নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
ছবি-সংগৃহীত
নওগাঁয় কারা হেফাজতে জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার। তবে তিনি তার নাম বলতে অনীহা জানিয়ে বলেন, জাকির হোসেন নবাব বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছে এবং তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। আর কী কারণে মৃত্যু হয়েছে সেটা এখন বলা যাবে না বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।
জানা যায়, গত বছর ২০ জুন সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিস্ফোরক ও সহিংসতা মামলায় নওগাঁ কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ অসুস্থতাবোধ করলে কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে।
জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

