Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গার দর্শনায় যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

চুয়াডাঙ্গার দর্শনায় যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

চুয়াডাঙ্গার দর্শনায় পূর্বশত্রুতার জেরে যুবদল ও ছাত্রদল কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।  আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।  গত সোমবার রাতে দর্শনা রেলবাজারের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দর্শনা পরানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ছাত্রদল কর্মী আকাশ এবং দর্শনা হঠাৎপাড়া এলাকার যুবদল কর্মী সুলতান।  আহত ছাত্রদল কর্মী আকাশের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের একটি সংঘবদ্ধ দল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে আকাশের ওপর হামলার ঘটনার পর ছাত্রদল কর্মীরা একত্রিত হয়ে দর্শনা রেলবাজারের ফুলতলা এলাকায় যুবদল কর্মী সুলতানের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।  এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।  পরে স্থানীয়রা তাকেও উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি দুপক্ষের মধ্যে ঘটেছে বলে জেনেছি। তবে কোনো পক্ষ এখনও অভিযোগ দেয়নি।  অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন