সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন মিরপুর গড়তে চান ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় মিরপুরকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মিরপুরের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
আজ মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, দুই কোটি মানুষের এই শহর পরিষ্কার রাখা ও মশা নিয়ন্ত্রণ করা একা সিটি করপোরেশনের পক্ষে কঠিন। তাই যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শিক্ষার্থীদেরও ছোটবেলা থেকে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার চর্চা করতে হবে।
মিরপুরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করায় পথচারী, নারী ও শিক্ষার্থীদের চলাচল সহজ হয়েছে। গার্লস আইডিয়াল স্কুলের সামনে অসমাপ্ত ফুটওভার ব্রিজের কাজ আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে। এ ছাড়া মিরপুর-১ কাঁচাবাজারসংলগ্ন সড়ক ও ফুটপাত সংস্কারের কাজ চলছে।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, প্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় সিটি করপোরেশন পাশে থাকবে। এলাকাবাসীর যেকোনো সমস্যা সাধ্যের মধ্যে দ্রুত সমাধানেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিএনসিসি প্রশাসক।

