সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০
সিলেট সংবাদদাতা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
ছবি-সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
প্রায় দুই ঘণ্টা ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের কয়েকজনকে ছাতক, কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবল খেলার জয়-পরাজয় নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

