জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাবেন ফুল ফান্ডেড বৃত্তি
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি-সংগৃহীত
শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এ সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়টি। গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা নাসনীম সিরাজ।
সমঝোতা অনুযায়ী উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর অংশ হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে ফুল ফান্ডেড বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া সমঝোতার আওতায় কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, সাইবার নিরাপত্তা, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার প্রকৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।
এ উদ্যোগের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ বাড়ার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

