দেশের চার জেলায় চারজনের মরদেহ উদ্ধার
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
প্রতীকী ছবি
দেশের চার জেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবর-
বান্দরবান : জেলা শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন ঝিরিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আহমেদের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সাতক্ষীরা : সুন্দরবনে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (৩২) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্ট গার্ড। গত শনিবার রাতে দুবলার চরসংলগ্ন মাতারখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াজ ভালুকার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া : শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত খোরশেদ আলম (৩৮) মারা গেছেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় তার মৃত্যু হয়। গত ৫ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার মাদলা হাট এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। নিহতের বাবা আনসার আলী এ ঘটনায় থানায় অভিযোগ করেন। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ আহমেদ (৬০) নিহতের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারুয়া বাজার জামে মসজিদের কমিটি নির্বাচনের সূত্র ধরে গত শুক্রবার জুমার পর গ্রামের আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জাকির হোসেন উজ্জ্বল বাদী হয়ে গত শনিবার ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। নিহত সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে।

