ভারত কহুয়া নদীর বাঁধের কাজ স্থগিত করেছে : বিজিবি
ফেনী প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি-সংগৃহীত
ফেনীর পরশুরাম সীমান্তে কহুয়া নদীর ভারতীয় অংশে সিসি ব্লক বসানোর কাজ বিজিবির তীব্র আপত্তিতে স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের বেড়িবাঁধ সংস্কার নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের অংশে ২ দশমিক ৩ কিলোমিটার এবং বাংলাদেশের অংশে ২৫০ মিটার বাঁধ সংস্কারের সিদ্ধান্ত হয়। কিন্তু বাংলাদেশ অংশের কাজ অসম্পূর্ণ রেখেই গত শুক্রবার থেকে ভারতীয় অংশে একতরফাভাবে দ্রুতগতিতে সিসি ব্লক বসানো শুরু করে ভারতীয় শ্রমিকরা।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, ব্লক স্থাপনের কাজ শুরুর আগে বিষয়টি বিজিবিকে অবহিত করার কথা ছিল ভারতের। পরে বিষয়টি জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।
গতকাল শনিবার এ নিয়ে স্থানীয়দের উদ্বেগের মাঝেই বাংলাদেশ অংশের বাঁধের অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকা পরিদর্শনে যান পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহম্মেদ ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভারতীয় অংশে বাঁধে ব্লক স্থাপন করা হলে বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

