ঢাকার ধামরাইয়ে তৃতীয় রাতেও বাসে আগুন
ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
ছবি-সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে বাসটির দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮। এর আগে বৃহস্পতিবার রাতে ধামরাইয়ে পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, পরপর তিন রাতে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের এই ঘটনা নাকশতা নাকি ব্যক্তিগত বিরোধের শিকার, তা তদন্ত করা হচ্ছে।

