Logo
Logo
×

সারাদেশ

ইনানীর গ্যাসের আগুন এক মাস পর নিয়ন্ত্রণে

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

ইনানীর গ্যাসের আগুন এক মাস পর নিয়ন্ত্রণে

ছবি-সমাচার প্রতিদিন

কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। দীর্ঘ প্রস্তুতি ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশীয় প্রযুক্তিতে পরিচালিত চূড়ান্ত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটি।

শুক্রবার সকাল ৯টার দিকে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও কারিগরি প্রস্তুতি শেষে চূড়ান্ত অভিযান শুরু করে বাপেক্সের দল। এর আগে বৃহস্পতিবার বিকেলে মূল অভিযান শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়।

এদিন সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর উদ্যোগ নেওয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে কার্যক্রম পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে সকাল ৯টার দিকে আবারও কাজ শুরু করা হয়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বাপেক্সের কর্মকর্তারা।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গত ১৪ দিন ধরে বাপেক্সের ৫৫ সদস্যের একটি দল ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে কাজ করেছে। পরিকল্পনা অনুযায়ী গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী ধাপে সিমেন্ট দিয়ে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করা হবে।

বাপেক্স জানায়, পুরো অভিযানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা। তবে দেশীয় প্রযুক্তি ও দক্ষ জনবলের মাধ্যমে অভিযান সফল হওয়ায় ব্যয় হচ্ছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। অথচ বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হলে এ কাজে ব্যয় হতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা। ফলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতে নতুন অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জিত হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে প্রাকৃতিক গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গ্যাসে আগুন ধরে যায়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন