Logo
Logo
×

অর্থনীতি

আলোচনার মাধ্যমে শুল্ক হ্রাসের গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে : অর্থ উপদেষ্টা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৫৪ এএম

আলোচনার মাধ্যমে শুল্ক হ্রাসের গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে : অর্থ উপদেষ্টা

ছবি-সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে নতুন গতি সঞ্চার হতে পারে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (USTR) সঙ্গে সরাসরি আলোচনা শুরু হওয়ায় সরকার শুল্ক বিয়য়ে একটি গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা করছে। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘গত ৬ জুলাই এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা মোটামুটি ভালো হয়েছে। আজ বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আলোচনার ভিত্তিতে আমরা বুঝতে পারব যুক্তরাষ্ট্র কী অবস্থান নিচ্ছে। আমরা আশা করছি, আলোচনার ফলাফল ইতিবাচক হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।’

উপদেষ্টা আরও জানান, ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর) সঙ্গে সরাসরি ‘ওয়ান টু ওয়ান’ আলোচনা শুরু হয়েছে। আলোচনার মাধ্যমে শুল্ক হ্রাসের একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে বলে সরকার আশাবাদী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিষয়টি তুলে ধরে ড. সালেহউদ্দিন বলেন, ‘আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ মিলিয়ন ডলার। তুলনামূলকভাবে ভিয়েতনামের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি প্রায় ১২৫ বিলিয়ন ডলার। সে ক্ষেত্রেও তারা সুবিধা দিয়েছে। তাহলে আমাদের ওপর এত বেশি শুল্ক আরোপের যৌক্তিকতা কোথায়?’

বাংলাদেশ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে জিএসপি সুবিধা ২০১৩ সাল থেকে স্থগিত রয়েছে। সম্প্রতি আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা কাটাতে সরকার সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

এ সময় দেশের সার্বিক মূল্যস্ফীতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, বিশেষ করে খাদ্যপণ্যে। নন-ফুড আইটেমে কিছুটা সময় লাগবে। বাজেট ঘাটতি বড় নয়। রাজস্ব সংগ্রহ বাড়াতে কর ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। সঠিকভাবে বাস্তবায়ন হলে রাজস্ব আদায়ে বড় পরিবর্তন আসবে।’


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন