Logo
Logo
×

অর্থনীতি

স্বাধীনতার অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:০৪ পিএম

স্বাধীনতার অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল

ছবি: সংগৃহীত

অপশক্তির বিরুদ্ধে স্বাধীনতার শক্তিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পর আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা সেই সময়ে আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে এবং পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে। আমাদের ভালোভাবে সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই সামনের দিকে এগিয়ে নিতে হবে। সেখানেই আমাদের সাফল্য।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা দলের নেতা তারেক রহমানের ওপর অত্যন্ত আশাবাদী। তিনি দেশে ফিরেই মানুষের মধ্যে নতুন করে আলোড়ন ও আশা তৈরি করেছেন। তিনি এসে প্রতিশোধ বা প্রতিহিংসার কথা বলেননি, বরং বলেছেন—‘আই হ্যাভ এ প্ল্যান’। অর্থাৎ দেশ গড়ার একটি পরিকল্পনা নিয়েই তিনি এগোচ্ছেন।’

মির্জা ফখরুল বলেন, নির্বাচনি প্রচারণাজুড়েই তিনি এ পরিকল্পনার কথা বলেছেন এবং নির্বাচনের পরপরই এর বাস্তবায়ন শুরু করেছেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ এবং খাল খননের মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সবাইকে অপশক্তিকে পরাজিত করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সব অপশক্তিকে পরাজিত করে আমাদের নেতা তারেক রহমানকে শক্তিশালী করি এবং দেশের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। অতীতের বিভেদ ভুলে আমরা যেন আমাদের সন্তানদের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, যা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনাসভায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।

আলোচনা সভায় আরও অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন