লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
ফাইল ছবি
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়, যা এতদিন ছিল ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন দামের বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্যসচিব জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকরা দাম সমন্বয়ের আবেদন জানিয়েছিলেন। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সীমিত পরিসরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্যসচিব বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম আগের মতোই রাখা হয়েছে।
তিনি জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে ভোক্তাদের স্বার্থ এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার তুলনামূলক কম হারে দাম সমন্বয় করেছে।
বাণিজ্যসচিব আরও বলেন, বর্তমানে দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোনো সংকট নেই। বাজার স্থিতিশীল রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
রমজানের আগে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সে সময়ের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করবে।
নতুন বেতন কাঠামো অনুমোদন, চিনির দাম বৃদ্ধি এবং ভোজ্যতেলের নতুন দাম মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, এ পর্যন্ত সরকার মূল্যস্ফীতির কোনো কারণ দেখেনি। সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে।
এর আগে কয়েক দফা দাম বৃদ্ধি
এর আগে গত ২৯ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছিল। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
এর আগে গত বছরের ১৪ অক্টোবর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে খোলা পাম তেলের দামও লিটারে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
তখন বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা থেকে বেড়ে ১৭৬ টাকা হয়েছিল।

