পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: বাসস
প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি গন্তব্য বহুমুখীকরণ এবং জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশ বাড়াতে ‘জাপান ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
আজ বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বিজিএমইএ ভবনে ফিতা কেটে এ ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় রাষ্ট্রদূত নতুন ডেস্কের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে। টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বৈচিত্র্যকরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, জাপানের বাজারে বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হলেও দেশটির বিশাল বাজারে আরও বড় পরিসরে প্রবেশের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে রপ্তানি বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, জাপানি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের সরাসরি যোগাযোগ বাড়ানো, বাজারের তথ্য দ্রুত সরবরাহ এবং রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ‘জাপান ডেস্ক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে এই ডেস্কে সার্বক্ষণিকভাবে তিনজন অফিসার কাজ করবেন। তারা জাপানী ও ইংরেজি ভাষায় বেশ দক্ষ। জাপান বাংলাদেশের বাণিজ্যিক সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তারে সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা যাবে।
তিনি আরো বলেন, জাপানের সহায়তায় নির্মিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং ঢাকার নতুন তৃতীয় টার্মিনালকে এ বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে জাপানে সরাসরি শিপিং সেবা এবং ঢাকা-নারিতা বিমান যোগাযোগ পণ্য পরিবহন আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া চীন ও ভারতের মতো আঞ্চলিক প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে জাপানের বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে স্থানীয় ও জাপানি অংশীদাররা যৌথভাবে কাজ করবে।
জাপান কমিটির উপদেষ্টা, ফরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব বলেন, জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে জাপান ডেস্ক। ছোট ও মাঝারি অর্ডার ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগ সহজীকরণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে এটি সহায়তা করবে।
অনুষ্ঠানে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি, কর্মপরিবেশ ও কমপ্লায়েন্স ব্যবস্থার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ডেস্ক দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার করবে।

