ছবি-সংগৃহীত
বাংলাদেশসহ মোট পাঁচটি দেশে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মালিকানাধীন ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ।
কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তা বা মেমোতে দারাজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস ডং বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেছেন, দারাজে একটি সুবিন্যস্ত ও কর্মতৎপর কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্তরের কর্মী ছাঁটাই করা হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কতজন কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি ওই মেমোতে। তবে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারে দারাজের কর্মী ছাঁটাই হবে বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দারাজ।
জেমস ডংয়ের পাঠানো মেমোতে বলা হয়েছে, ‘অনিচ্ছা সত্ত্বেও আমরা দারাজ পরিবারের অনেক সদস্যকে বিদায় জানাব।’ বার্তায় আরও বলা হয়েছে, মূলত একটি সুবিন্যস্ত ও কর্মতৎপর কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্তরের কর্মী ছাঁটাই করা হবে।

