ছবি : সংগৃহীত
আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।
এদিকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ৬টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন সরকারের দুই উপদেষ্টা। বৈঠকের সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে- নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।
এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে রাত সাড়ে ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রেক্ষিতে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তথ্য উপদেষ্টাকে নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

