Logo
Logo
×

শিক্ষা

ডাকসু নির্বাচন:

টিএসসি কেন্দ্রে নারী শিক্ষার্থীদের কাছে ভোট চাইলেন আবিদুল ও বাকের

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

টিএসসি কেন্দ্রে নারী শিক্ষার্থীদের কাছে ভোট চাইলেন আবিদুল ও বাকের

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা।  আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এই কেন্দ্র পরিদর্শনে এসে নারী শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।

আজ সকালে তাঁরা দুজন পৃথকভাবে এই কেন্দ্রে আসেন। সকাল ৮টা ১৫ মিনিটে টিএসসি কেন্দ্রে আসেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি নারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এ সময় আবু বাকের মজুমদার বলেন, আজ সকালটা শুরু হয়েছে খুবই চমৎকার পরিবেশে।

এরপর সকাল ৮টা ২৫ মিনিটের দিকে টিএসসি কেন্দ্র পরিদর্শনে আসেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনিও নারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের ভোট চান। সকালেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিতে আসা নারী শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোট গ্রহণ শুরুর আগেই অন্তত দুই শতাধিক নারী শিক্ষার্থী ভোট দেওয়ার লাইনে দাঁড়ান। ভোট গ্রহণ শুরুর পর সেই লাইন আরও দীর্ঘ হয়। এমনকি লাইন টিএসসির প্রাঙ্গণ ছাড়িয়ে রাস্তায় চলে যায়। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এবার নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮ পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী হয়েছেন। ভোটার রয়েছে প্রায় ৪০ হাজার।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন