Logo
Logo
×

শিক্ষা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক

Icon

জাবি সংবাদদাতা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক

ছবি-সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকায় দুই গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান মিজান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে দুই গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার মাধ্যমে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক মিজানুর রহমানের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করেন।

জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী দাবি করেন, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীর মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে শহীদ সালাম-বরকত হলের পরিচ্ছন্নতাকর্মী মো. বিজয়, নতুন কলা ভবনের পরিচ্ছন্নতাকর্মী স্বধিব এবং বেগম খালেদা জিয়া হলের নিরাপত্তাকর্মী রিপনের নাম রয়েছে বলে জানান তিনি।

চিশতী বলেন, জাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে অভিযান ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটক ব্যক্তির কাছ থেকে গাঁজা উদ্ধারের পাশাপাশি আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশা করছেন। জাকসুর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবু সৈয়দ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে ওঠা মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন