Logo
Logo
×

বিনোদন

২০ বছর পর আবারও একসাথে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০২:০৯ এএম

২০ বছর পর আবারও একসাথে

শওকত আলী ইমন ও আঁখি আলমগীর

বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে দুই তারা শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। নিজেদের মেধা, মনন আর পরিশ্রম দিয়ে সংগীতের অনন্য উচ্চতায় অবস্থান করছেন এ দুই তারকা। কাজের স্বীকৃতিস্বরূপ দুজনই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শওকত আলী ইমনের সংগীত পরিচালনা আর আঁখি আলমগীরের কণ্ঠ মানেই অন্যরকম ধামাকা। জল পড়ে পাতা নড়ে, বাবুজি, শ্যাম পিরিতি থেকে সর্বশেষ রাজকুমারী গানগুলো শোনেনি এমন শ্রোতা পাওয়া মুশকিল। এ দুই তারকা ডুয়েট গানও করেছিলেন। মিলিয়েছেন সিনেমার গানে কণ্ঠ।

২০ বছর পর আবারও একসাথে কণ্ঠ মেলালেন আঁখি আলমগীর ও শওকত আলী ইমন। প্লেব্যাকে আগে দুটি গান একসাথে গাইলেও অডিওতে এবারই প্রথম গাইলেন দুজন।

‘কফির পেয়ালা’ গানটিতে প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার আকুলতার কাব্যে সাজিয়েছেন গীতিকবি আশিক মাহমুদ। আকাশ মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। মডেল হয়েছেন আঁখি আলমগীর ও শওকত আলী ইমন নিজেরাই।  গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। দুজনই চেষ্টা করেছি ভালো একটি গান উপহার দেওয়ার। রোমান্টিক ধাঁচের এ গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

আঁখি আলমগীর বলেন, ‘আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। সেই সঙ্গে কণ্ঠও দিয়েছে সে। ভিডিওতে আমরা নিজেরাই পারফর্ম করেছি। আমার বিশ্বাস শ্রোতা-দর্শক নিরাশ হবেন না।’

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ৩১ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে কফির পেয়ালা গানটির ভিডিও। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন