ছবি : সংগৃহীত
আর মাত্র কয়েক দিন, নতুন জীবনের স্বপ্নে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতিকা কামরা ও উপস্থাপক-প্রযোজক গৌরব কাপুর। প্রেম থেকে সংসার— জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা। আর সেই অধ্যায়ের সূচনা হবে নিজেদের নতুন ঠিকানায়, ভারতের ব্যস্ততম শহর মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায়।
জানা যায়, আগামী ১১ মার্চ বিয়ের পরই তারা উঠবেন বান্দ্রায় অবস্থিত নিজেদের বাসায়। তবে তার আগে সেই বাড়িকে সাজিয়ে তোলার কাজে চলছে জোর প্রস্তুতি।
ঘনিষ্ঠ সূত্রের খবর, ফেব্রুয়ারির শুরু থেকেই বাড়িটিতে শুরু হয়েছে ব্যাপক সংস্কার কাজ। পরিকল্পনা অনুযায়ী মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পুরো কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারণ বিয়ের পর এই বাড়িটিই হতে যাচ্ছে তাদের যৌথ সংসারের প্রথম ঠিকানা, যা স্বাভাবিকভাবেই তাদের কাছে বিশেষ আবেগ ও গুরুত্ব বহন করছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুধু সাধারণ সংস্কার নয়, ঘরের কাঠামোগত কিছু পরিবর্তনও করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ সাজসজ্জার প্রতিটি বিষয়েই দেওয়া হচ্ছে সূক্ষ্ম মনোযোগ। লক্ষ্য একটাই— পুরো জায়গাটিকে যেন একই সঙ্গে আরামদায়ক, কার্যকর এবং নান্দনিক করে তোলা যায়।
এই পুরো প্রক্রিয়ায় কৃতিকা নিজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ডিজাইন টিমের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ঘরের প্রতিটি কোণ যেন তাদের নতুন জীবনের উষ্ণতা বহন করে— সেই দিকেই নজর দিচ্ছেন তিনি।
দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, “বিয়ের আগে পুরো বাড়িটিই নতুন করে সাজানো হচ্ছে। কৃতিকা পুরো প্রক্রিয়ায় খুবই সক্রিয়ভাবে যুক্ত আছেন। লক্ষ্য হচ্ছে এমন একটি উষ্ণ ও অতিথিপরায়ণ পরিবেশ তৈরি করা, যেখানে তারা পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটাতে পারবেন— যার শুরু হবে বিয়ের অনুষ্ঠান থেকেই।”

