মরক্কোর ম্যাচ দেখে ‘প্রায় হার্ট অ্যাটাক’ হওয়ার অবস্থা নোরা ফাতেহির
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:১৪ পিএম
ছবি-সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উত্তাপ ছড়িয়ে পড়েছে তারকাদের মাঝেও। প্রিয় দল মরক্কোর রোমাঞ্চকর জয় উদযাপন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।
বৃহস্পতিবার (২৫ জুন) স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন নোরা। মরক্কোর লাল জার্সি পরে গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “মেক্সিকোতে দেখা হবে, ৪-২। এই ম্যাচে আমার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল! বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়ায় মরক্কোকে অভিনন্দন।”
হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো। শেষ মুহূর্তের লড়াইয়ে পাওয়া এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে রানার্স-আপ হয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
মরক্কোর প্রতি নোরা ফাতেহির আবেগ নতুন নয়। কানাডায় জন্ম হলেও তার পারিবারিক শিকড় মরক্কোতে। তাই আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোতে বরাবরই দেশটির সমর্থনে সরব থাকেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও মরক্কোর ঐতিহাসিক সাফল্যের সময় বিভিন্নভাবে দলটির প্রতি সমর্থন জানিয়েছিলেন এই অভিনেত্রী।
এবারও বিশ্বকাপের শুরু থেকেই মরক্কোর পাশে রয়েছেন নোরা। হাইতির বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর তার পোস্টে ভক্তরাও মরক্কোকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার উচ্ছ্বাসের মুহূর্তগুলো।
বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আনন্দে যখন উচ্ছ্বসিত মরক্কোর সমর্থকরা, তখন তাদের সেই আনন্দে শামিল হয়েছেন বলিউডের এই জনপ্রিয় তারকাও। নোরার “মেক্সিকোতে দেখা হবে” বার্তাটি যেন বিশ্বকাপে মরক্কোর আরও দীর্ঘ পথচলার প্রত্যাশাই প্রকাশ করেছে।

