ছবি-সংগৃহীত
একসময়কার জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরিনা সাকা মীম। নব্বইয়ের দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখা এই অভিনেত্রী পরবর্তী সময়ে নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা মীম এবার ব্যক্তিজীবনের একটি অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
জানিয়েছেন, তার বৈবাহিক সম্পর্ক ভেঙে গেছে আট বছর আগেই।
সংগীতশিল্পী পুতুলের একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের সংসার ভাঙার বিষয়টি জানান মীম। তার ভাষ্য, প্রায় ১৪ বছর আগে ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের পর সংসার টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি।
মীম বলেন, মানুষের জীবন সবসময় নিজের পরিকল্পনা অনুযায়ী চলে না। অন্য অনেক নারীর মতো তিনিও বিয়ের পর একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলেন। সম্পর্কটি সুন্দরভাবে এগিয়ে নিতে তার নিজের পাশাপাশি তার জীবনসঙ্গীরও চেষ্টা ছিল। কিন্তু কোনোভাবেই সংসারটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি।
সংসার ভাঙার পেছনে কী অভিনয় নিয়ে মতবিরোধই মূল কারণ ছিল—এমন প্রশ্নের জবাবে মীম জানান, বিষয়টি এতটা সরল নয়। দুজনের পছন্দ-অপছন্দের পার্থক্যসহ আরও নানা বিষয় ছিল। সময়ের সঙ্গে সেসব সমস্যা আরও জটিল হয়ে উঠেছিল।
তিনি বলেন, কাউকে এককভাবে দোষ দিতে চান না। তার নিজেরও ভুল থাকতে পারে, আবার তার সাবেক স্বামীরও ভুল থাকতে পারে। তবে একটা সময় তিনি বুঝতে পারেন, সম্পর্কটি আর স্বাভাবিকভাবে এগোচ্ছে না।
মীম জানান, সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন তিনি দীর্ঘ সময়। তার ভাষায়, প্রায় সাড়ে পাঁচ বছর অপেক্ষা করেছিলেন, যাতে পরবর্তী সময়ে নিজের কাছে কখনো মনে না হয় যে সম্পর্কটি বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেননি। শেষ পর্যন্ত ২০১৮ সালের ৭ জুন বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন তিনি।
বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে সংসার শুরু করেননি মীম। গত কয়েক বছরে নতুন সম্পর্কে জড়ানোর ব্যাপারেও আগ্রহ দেখাননি তিনি। ব্যক্তিজীবনের এই অভিজ্ঞতার পর সম্পর্ক ও সংসার নিয়ে তার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
শৈশবে গানের অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হলেও ১৯৯২ সালে বিটিভির নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সাবরিনা সাকা মীম। পরবর্তী সময়ে নাটকের প্রধান নারী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
প্রায় ১৮ বছর মিডিয়ায় কাজ করার পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। ২০১২ সালে সর্বশেষ নাটকে অভিনয় করেন তিনি। বিয়ের পর শ্বশুরবাড়ির আপত্তির কারণে অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন মীম। পরবর্তী সময়ে সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছেন তিনি। তবে অভিনয়ে আর নিয়মিতভাবে ফেরেননি।
দীর্ঘদিন পর নিজের ব্যক্তিজীবনের অপ্রকাশিত অধ্যায় নিয়ে মীমের এই বক্তব্যে আবারও আলোচনায় এসেছে একসময়কার জনপ্রিয় এই অভিনেত্রীর জীবন ও অভিনয়যাত্রা।

