ছবি-সপ্র
‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় নান্দনিক নাট্যদলের ৪৩ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নান্দনিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বগুড়া মহানগরের মালতিনগর এলাকায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। র্যালিটি মালতিনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম আর ইসলাম স্বাধীন নান্দনিক নাট্যদলের দীর্ঘ পথচলার প্রশংসা করেন। তিনি বলেন, নান্দনিক নাট্যদল শুধু নাট্যচর্চার মধ্যে সীমাবদ্ধ নেই; সমাজ ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী জানান, দুই দিনব্যাপী উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মালতিনগর পূজামণ্ডপ মাঠে নান্দনিক মঞ্চে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নাটক ও নৃত্যানুষ্ঠানের আয়োজন রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে নান্দনিক নাট্যদল বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে নাট্যচর্চা ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। এবারের উৎসবের মাধ্যমে নাট্যচর্চাকে আরও বেগবান করার পাশাপাশি নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

