হাসপাতালে অভিনেতা ভাস্কর ব্যানার্জি, অস্ত্রোপচারের পর ভালো আছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম
ছবি-সংগৃহীত
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ভাস্কর ব্যানার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার একটি হাসপাতালে তার কোমরের অস্থিসন্ধিতে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেতা।
হাসপাতাল থেকে ভারতীয় একটি গণমাধ্যমকে ভাস্কর ব্যানার্জি বলেন, হঠাৎ করেই হাঁটার সময় তার বাঁ পা আটকে যাওয়ার সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষার পর জানা যায়, তার অস্থিসন্ধি ক্ষয় হয়ে গেছে। এরপর চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাস্কর বলেন, “আমার আর্থ্রাইটিসের সমস্যা ছিল না। হঠাৎ হাঁটার সময়ে আমার বাঁ পা আটকে যাচ্ছিল। তারপরই চিকিৎসকের কাছে যাই। সেখানেই জানতে পারি আমার অস্থিসন্ধি ক্ষয়ে গিয়েছে। এরপর চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার খুব ভালো হয়েছে।”
বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় এখন ভালো আছেন। তবে অস্ত্রোপচারের কারণে এখনো কিছুটা ব্যথা রয়েছে।
অভিনেতা জানান, আপাতত তিনি হাঁটতে পারছেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী এক মাস তাকে বিশ্রামে থাকতে হবে এবং ফিজিওথেরাপি নিতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই আবার অভিনয়ে ফেরার আশা করছেন তিনি।
টেলিভিশন নাটক ও বড়পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন ভাস্কর ব্যানার্জি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শ্বেত পাথরের থালা’, ‘অংশুমানের ছবি’, ‘বউরাণী’, ‘টিনটোরেটোর যীশু’, ‘অভিশপ্ত নাইটি’, ‘ডাবল ফেলুদা’, ‘আলোর খোঁজে’ ও ‘বহুরূপী’।

