ছবি: সংগৃহীত
উত্তরপ্রদেশে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে জনপ্রিয় হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানকে। বুধবার শামলি জেলার একটি জিমের বাইরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিম থেকে বের হওয়ার সময় অঙ্কিতকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অঙ্কিতের মৃত্যুর কিছুক্ষণ আগে দেওয়া শেষ ইনস্টাগ্রাম পোস্ট। হত্যার মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের গাড়িতে বসে একটি হরিয়ানভি গানের রিল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। সেই গানে ছিল খুন-সংক্রান্ত কথা। এর কিছুক্ষণ পরই গুলিতে তার মৃত্যুর ঘটনায় পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওটির কমেন্ট বক্সে ভক্ত ও অনুসারীরা শোক প্রকাশ করছেন। অনেকেই অল্প সময়ের ব্যবধানে তার শেষ পোস্ট এবং মৃত্যুর ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও কাকতালীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
উত্তরপ্রদেশের বান্টিখেড়া এলাকার বাসিন্দা অঙ্কিত বালিয়ান দেশি সংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য, যুবসমাজের নানা প্রবণতা ও রাজনীতিকেন্দ্রিক বিষয় নিয়ে গান গেয়ে পরিচিতি পান। ‘ভারী কোর্ট মেঁ গুলি মারেঙ্গে মেরি জান’, ‘গুলি কে বারুদ’ ও ‘সিস্টেম’-এর মতো গান তাকে হরিয়ানভি সংগীতাঙ্গনে জনপ্রিয় করে তোলে।
গান ও ভ্লগিংয়ের পাশাপাশি বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করেছেন অঙ্কিত। মাসুম শর্মা ও রাজু পাঞ্জাবির মতো শিল্পীদের সঙ্গেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।
সাম্প্রতিক সময়ে সংগীতের পাশাপাশি রাজনীতিতেও অঙ্কিতের সক্রিয়তা বাড়ছিল বলে জানা গেছে। গুঞ্জন ছিল, আসন্ন জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পুলিশের প্রাথমিক ধারণা, আঞ্চলিক রাজনৈতিক বিরোধ অথবা পুরোনো শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
শামলি জেলা পুলিশ জানিয়েছে, হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে অঙ্কিতকে হত্যা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণ জড়িত কি না—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
জনপ্রিয় এই গায়কের আকস্মিক মৃত্যুতে হরিয়ানভি সংগীতাঙ্গন ও তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

