নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি-সংগৃহীত
সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল ‘শিকার’ সিনেমার টিম। টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে গিয়েছিলেন। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চলছিল। তবে হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।
অতিবৃষ্টির কারণে নেপালের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে তলিয়ে যায়, আবার কোথাও ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায় যোগাযোগের পথ। এমন পরিস্থিতিতে দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। এ সময় নেপালে আটকে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল।
অপু বিশ্বাস বলেন, ‘নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে।’
এদিকে একই দুর্যোগের কারণে এখনো নেপালে অবস্থান করছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, দেশে ফেরার নির্ধারিত পথটি বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার সুযোগ নেই।
তাসরিফ আরও জানান, তিনি ও তার সঙ্গে থাকা বন্ধুরা নিরাপদে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

