ছবি-সংগৃহীত
বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের পর্দায় উপস্থিতিই যেন তৈরি করে আলাদা এক আবহ। এবার দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এ নতুন অবতারে দর্শকদের চমকে দিতে প্রস্তুত এই অভিনেত্রী। সিনেমাটিতে ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে।
ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে বিদ্যার চরিত্রের প্রথম ঝলক। আর সেই ঝলক ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা যায় নীল শাড়িতে। হাতে সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি। এরপর উত্তেজনাপূর্ণ এক মুখোমুখি দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার অভিব্যক্তি, পোশাক ও রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে।
বিদ্যার নতুন এই অবতার প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর প্রশংসায় সরব হয়েছেন ভক্তরা। একজন ভক্ত তার লুকের প্রশংসা করে লিখেছেন, ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটু—সব মিলিয়ে বিদ্যা যেন চরিত্রটিতে নতুন মাত্রা যোগ করেছেন।
আরেক দর্শকের মন্তব্য, ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’—অর্থাৎ সিনেমাটিতে নজর রাখার মতো অন্যতম চরিত্র হতে চলেছেন বিদ্যা। ওই দর্শকের মতে, যেকোনো চরিত্রেই অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারেন এই অভিনেত্রী।
আরেক ভক্ত লিখেছেন, ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালানকে দেখে মনে হচ্ছে, তিনি যে ফ্রেমেই থাকবেন, সেটিই নিজের করে নেবেন। ভক্তদের মন্তব্যে বিদ্যার পর্দায় উপস্থিতি ও চরিত্রের দাপট নিয়েই এমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
শুধু লুক নয়, বিদ্যার চরিত্র নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। রজনীকান্তের সঙ্গে তাকে কীভাবে উপস্থাপন করা হবে এবং পর্দায় তাদের মুখোমুখি দৃশ্য কতটা জমে উঠবে—তা নিয়েও দর্শকদের মধ্যে চলছে আলোচনা।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্ত ও বিদ্যা বালানের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।
সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

