ছবি-সংগৃহীত
এবার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন কাজী মারুফ। সিনেমাটির নাম ‘শিরোনাম’। ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন চিত্রনায়ক কাজী মারুফ। একসময় নিয়মিত রুপালি পর্দায় দেখা গেলেও দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেতা। তবে প্রবাসে থেকেও দেশের চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ অটুট।
বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নতুন কাজের ঘোষণা দেন কাজী মারুফ। পোস্টারে চারপাশে ছড়িয়ে থাকা রক্তের মাঝে পড়ে থাকতে দেখা যায় তিনটি সংবাদপত্র। এর একটির শিরোনাম—‘রাজনীতিতে নতুন সংকট: দেশজুড়ে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা’। অন্য দুটির শিরোনাম—‘সীমান্তে বাড়ছে উত্তেজনা’ এবং ‘বিক্ষোভ সারা দেশে: মানুষের দাবি দ্রুত সমাধান’।
পোস্টারেই ইঙ্গিত মিলেছে, দেশের রাজনীতি, সীমান্ত পরিস্থিতি এবং সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহকে কেন্দ্র করেই নির্মিত হবে ‘শিরোনাম’। তবে সিনেমাটির গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না নির্মাতা।
দেশের সাম্প্রতিক সময়ের বাস্তবতাকে সিনেমাটির গল্পের ভিত্তি হিসেবে বেছে নিয়েছেন কাজী মারুফ। এটি সত্য ঘটনা অবলম্বনে কি না জানতে চাইলে যুক্তরাষ্ট্র থেকে কাজী মারুফ বলেন, “অনেকটাই, তবে পুরোপুরি সত্য ঘটনা নিয়ে নয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই সিনেমা। আসলে সিনেমা মানেই কল্পনা, আবার সিনেমা মানে সত্য। এখন এর বেশি কিছু বলতে চাই না। আশা করছি, দর্শক পছন্দ করবেন।”
এর আগে কাজী মারুফ নির্মাণ ও অভিনয় করেন ‘গ্রীন কার্ড’ সিনেমায়। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতা থেকে নির্মিত সিনেমাটিতে প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার গল্প তুলে ধরেন। ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি অবশ্য প্রত্যাশিত সাড়া পায়নি। একই ঈদে মুক্তিপ্রাপ্ত ১১টি সিনেমার মধ্যে ‘গ্রীন কার্ড’ মাত্র দুটি প্রেক্ষাগৃহে জায়গা পেয়েছিল।
নতুন সিনেমা ‘শিরোনাম’-এর শুটিং হবে বাংলাদেশে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ নিজেই। তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
কাজী মারুফ জানান, সিনেমার কাজ শুরু করতে চলতি মাসেই দেশে ফিরবেন তিনি। আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার পর নায়িকাসহ অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করা হবে। এরপরই শুরু হবে সিনেমাটির শুটিং।

