বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি-সংগৃহীত
ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিত মুখ চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানুর জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। নতুন দায়িত্বে অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন এই অভিনেতা।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। শিবা শানু নিজেও নিয়োগের খবরটি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২ (২) ধারা অনুযায়ী অন্যান্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এই দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন শিবা শানু। ফলে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ডেও যুক্ত হচ্ছেন তিনি।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন শিবা শানু। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।
এবার অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে শিল্পীদের কল্যাণে কাজ করার নতুন দায়িত্ব পেলেন শিবা শানু। শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর এ নতুন দায়িত্ব চলচ্চিত্র অঙ্গনে কতটা ইতিবাচক ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়।

