দুই বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ১০টি ডায়ালাইসিস মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
ছবি-সংগৃহীত
আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারকনভেনশনাল পালমোনোলজি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে। তাই সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালে বরাদ্দ বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন আইসিইউ সেবা প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করা হলেও দীর্ঘ ২১ বছর পর এখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।
এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

