আলোচনা ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি-সংগৃহীত
পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধবিরতির বিষয়ে ব্যর্থ আলোচনা শেষে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি আলোচনা ব্যর্থ হওয়ার দায় চাপিয়েছেন যুক্তরাষ্ট্রের ওপর। রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একাধিক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।
গালিবাফ বলেন, পাকিস্তানে যুদ্ধবিরতি আলোচনার সময় তাদের প্রতিনিধিদল ‘ভবিষ্যৎমুখী’ উদ্যোগ উত্থাপন করেছিল। কিন্তু এ দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
গালিবাফ জানান, আলোচনা শুরুর আগে তিনি বিষয়টি স্পষ্ট করেছিলেন। তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ও সংকল্প রয়েছে। কিন্তু আগের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের (যুক্তরাষ্ট্রের) ওপর আমাদের কোনো আস্থা নেই।
আলোচনার ভালো পরিবেশ তৈরি এবং পথ সুগম করার জন্য তিনি বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের প্রশংসা করেছেন। পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আলোচনার ফলাফল আশাব্যঞ্জক না হলেও মধ্যস্থতাকারী পাকিস্তান এখনই হাল ছাড়ছে না বলে মনে করেন পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক ট্যাংক সনোবর ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কামার চিমা।
সংবাদমাধ্যম আলজাজিরাকে চিমা বলেন, গত এক দশকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই আলোচনা ছিল সবচেয়ে সিরিয়াস প্রচেষ্টা। আলোচনায় ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পেশ করা হয়েছে। ইরানি প্রতিনিধিদল এখন তাদের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এই প্রস্তাবের বিষয়ে মতামত গ্রহণ করবে।

