বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৩০ পিএম
ছবি-সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং জেলায় পৃথক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। সংস্থাটি দাবি করেছে, নিহতরা ভারত-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য।
শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের খারান এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ভারতীয় প্রক্সি গোষ্ঠী হিসেবে উল্লেখ করা ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্যদের অবস্থান শনাক্ত করে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় তিন সন্ত্রাসী নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে।
এদিকে মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের একপর্যায়ে এক আত্মঘাতী বোমারুসহ মোট পাঁচ সন্ত্রাসী নিহত হন।
আইএসপিআর জানায়, অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা কর্মসূচি ‘আজম-ই-ইস্তেহকাম’-এর আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দেশজুড়ে এ ধরনের অভিযান চলবে বলেও জানানো হয়েছে।
তবে পাকিস্তানের এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: জিও নিউজ

