পাকিস্তান হাইকমিশনের বাইরে বুলডোজার চালিয়ে নিরাপত্তা বেষ্টনী সরাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম
ছবি-সংগৃহীত
নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তা বেষ্টনী ও বিভিন্ন কাঠামো সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এসব কাঠামো অপসারণ করা হয়। ভারতীয় কর্মকর্তাদের দাবি, কিছু স্থাপনা হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে ছিল।
অভিযানে হাইকমিশনের বাইরে থাকা কিউ-লাইনার, ব্যারিকেড, ধাতব রেলিং, ট্রাফিক বোলার্ড ও ভিসা বিভাগের কাছে সারিব্যবস্থাপনার জন্য তৈরি কিছু কাঠামো সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে ভাঙা রেলিং, ধাতব কাঠামো, ইট ও কংক্রিটের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। তবে পাকিস্তান হাইকমিশনের মূল ভবন ও প্রধান প্রবেশপথ অক্ষত রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা পার্কিংয়ের খুঁটি ও নিরাপত্তা কাঠামো সরিয়ে দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। এরপর নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে পাল্টা একই ধরনের পদক্ষেপ নেওয়া হলো। ঘটনাটিকে দুই দেশের মধ্যে ‘পাল্টাপাল্টি’ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গত সোমবার (১৭ আগস্ট) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা কিছু নিরাপত্তা ও পার্কিং কাঠামো সরিয়ে দেয় পাকিস্তান। এর কয়েক দিনের মধ্যেই নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা স্থাপনাগুলো অপসারণ করল ভারত।
ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। কাশ্মীর ইস্যু এবং দুই দেশের কূটনৈতিক স্থাপনা ঘিরে পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
নয়াদিল্লির এই সর্বশেষ পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের চলমান উত্তেজনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

