নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৬, নিখোঁজ ২ হাজার ৪২৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: রয়টার্স
নেপালে ভয়াবহ ভোতেকোশী বন্যা এবং এর প্রভাবে ভাটির বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) শনিবার সকাল ১০টায় প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে।
নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট-এর বরাতে জানা গেছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ১০১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে পুলিশের ২৭ সদস্যও রয়েছেন।
হালনাগাদ তথ্য অনুযায়ী, অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মোট ১৫ হাজার ২২৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এখনও ব্যাপক উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধান এবং বন্যায় আটকে পড়াদের উদ্ধারে পুলিশ স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এর আগে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৬১৬টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল পুলিশ। এর মধ্যে চিতওয়ানে সর্বোচ্চ ২৩৩টি মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নওয়ালপরাসি পূর্বে ১৫৮টি, গোরখায় ৪৮টি, নওয়ালপরাসি পশ্চিমে ৪৭টি, ধাদিংয়ে ৪৫টি, নুওয়াকোটে ৪১টি, তানাহুনে ৩১টি এবং রাসুওয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় পর্যায়ে প্রকাশিত সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়ায়।
বন্যার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বন্যার ধ্বংসাবশেষ ও ভূমিধসে আটকে যাওয়া সড়ক পরিষ্কার করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন এবং ত্রাণ কার্যক্রম সহজ করার চেষ্টা চলছে।
এর আগে বুধবার সকালে উত্তর নেপালের রাসুওয়া ও আশপাশের জেলাগুলোতে ভয়াবহ এই বন্যার আঘাত হানে। প্রবল পানির ঢল ও ধ্বংসাবশেষ ভোতেকোশী ও ত্রিশূলী নদীতে নেমে আসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার তোড়ে ভেসে যায় বাড়িঘর, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকার জনপদ এবং ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা।
উদ্ধারকারী দলগুলো এখন দুর্গম ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। বিস্তীর্ণ এলাকা এখনও কাদা ও পানিতে তলিয়ে থাকায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দুর্গম এলাকায় অনুসন্ধান কার্যক্রম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

